হয়তো (ক্ষুধা ও প্রেম)

শরতের পড়ন্ত বিকেলে
রিকসার হুড তুলে তোমার নগর প্রদক্ষিণ
আমার কাছে বরাবরই বিলাসিতা মনে হয়
যখন একটা পাচ টাকার কয়েনো থাকেনা
একটা ধুম্র শলাকা কিনে ফুকবার মত
কিংবা থাকলেও ছেড়া পকেটে হাত
ঢুকিয়ে মনে পড়ে
মেসের বাজার করা বাকি এখনও।

বালিকা!
আমি তোমার প্রেমে পড়িনি,মোহাবিষ্টও হইনি।
গলির মোড়ে তোমার ফুচকা খাওয়া দেখে
তোমার হাসির বিকট শব্দেও হারিয়ে যাইনা
আমি বরং ভাবি পয়সার অহেতুক অপব্যয়
ঐ প্রাণোচ্ছল হাসি আমার মধুর লাগেনা
পেটে ক্ষুধা থাকলে কিন্নরীর কন্ঠও বড়
বিকট লাগে।

সৌভাগ্যবতী!
ভাগ্যের দোহাই দেইনা কখনও
জানি একদিন আমিও লাখপতি হব।
হয়ত প্রমোদভ্রমণে বের হব গাড়ি হাকিয়ে
হয়ত পথে পথে খুজব একটি শান্ত শীতল মুখ
যার বিকট কন্ঠও হয়তো সেদিন সুমধুর
মনে হবে!
অস্বীকার করিনা - আমি বদলে যাব সময়ে
সেদিন সত্যিই আমি তোমার প্রেমে পড়ব-
আজ নয় কেননা প্রেমের চেয়ে ক্ষুধার
জ্বালা যে অনেক কম...

Comments