রাতের সাথে পাল্লা দিয়ে ক্যাপটালের ভিড় কমতে থাকে। ফিরে যায় যে যার আস্তানায়, দু'ফোঁটা বিশ্রামের আশায়। কেও কেও ঘুমায়, স্বপ্নদেবীর ছলনায় বাকিরা রাতভর জেগে থাকে রক্তাক্ত চোখে, নেশাখোরের মত ভাবতে থাকে ঘোরে, আক্রোশ- সেতো হতাশারই বহি:প্রকাশ অবচেতন মনে প্রশ্ন জাগে ওদের- ভাগ্যবিধাতা কি তবে অস্তিত্বহীন? রাজকপাল যাদের, আমুদে রাত কাটায় পালঙ্কে; নরম বালিশে মাথা পেতে, সোসাইটি গার্লের বাহুডোরে। দেবী ওদের সাথে ছলনা করে না, ওরাই তো আরতি দেয় দেবীর! আর আত্মতৃপ্তির হাসি হেসে ভাবে- স্বর্গ তো তার বেডরুমেই। ভাগ্যবিধাতা সবি দেখেন! ধৈর্য্যের বাঁধ ভাঙে হতাশের, গালি দেয় ঈশ্বরকে; কোথায় তিনি? ভেতর থেকে জবাব আসে - ধৈর্য্য ধর!