ষাট পেরিয়ে

ষাট পেরিয়ে এলাম এইতো সেদিন
চোখে মুখে নাকি প্রৌড়ত্বের ছাপ পড়েছে
সেদিন পুরোনো প্রেমিকা বলল -
দেখা হয়েছিল ওর সাথে, চোখে চশমা
হরিণির মত চোখদুটো আজ নিষ্প্রভ
হাফ ডজন নাতি-নাতনি তার এখন
হাতে কাচের চুড়ির বদলে সোনার বালা
দীঘল কালো রেশমি চুলে পাক ধরেছে
নিখুঁত পাড়ের শাড়ি পড়া ভুলেই গেছে হয়ত
নাতি নাতনির স্কুল ড্রেস পড়ানোর ব্যস্ততায়

ঘরে নাকি টুকটুকে দুই বউমাও আছে!
নিজের বউমা হওয়ার শখের কথা মনে আছে কি?
হয়ত ভুলে গেছে বেনারসি পড়ে বৌ সাজার কথা
আগের মত কলকলিয়ে যায়না অনবরত
কবে যে মেপে কথা বলা শিখল!
অবাক হই দেখে - মুগ্ধও।

হয়তোবা তার চোখেই পড়েনি
আমি যে এখনও আগের মতই আছি
এখনও হাতাকাটা ফতুয়া আর জিন্স পড়ি
বামহাতে স্টিলচেনের ঘড়ি পড়তে ভুলিনা কখনও
বুক পকেটে সবসময় একটা কালির কলম থাকেই
সেই যে সে কলম কিনে দিয়ে বলত
কবি! আমার কলমে আমার জন্য কবিতা লিখবে।
সেতো জানেইনা -আজও তার কবিতা লিখে
ভরিয়ে ফেলি সস্তা দরের প্যাডের পাতা।

জানবেই বা কিভাবে?
সেই যে ফাইনাল পরিক্ষার পরে বাসায় গেল
আরতো এলই না - সার্টিফিকেট তুলতেও না

তারপর কত অলস দুপুর কাটিয়েছি সেই বটতলায়
একটি বার সে হয়ত আসবে এই আশায়
না - সে আসেনি।
একদিন হঠাত একখানা পত্র পেলাম
ভাজে ভাজে তার গোলাপের পাপড়ি
ভাগ্যিস বাসাটা বদলাইনি তখনও
নইলে তো সেটাও পেতাম না।

"বাবা বিয়ে ঠিক করেছে -আমি আসার আগেই
সব গোছানো ছিল -সেদিন কনে দেখতে এসেই
আংটি চড়িয়ে গেছে বরপক্ষ
আগামী সপ্তাহেই বিয়ে
পারলে ক্ষমা করে দিও।
নিজেকে কষ্ট দিওনা আমার জন্য
ভাল থেক - তবে আমিও ভাল থাকব "

যেদিন পত্রখানা পেলাম
তার আগের দিনই ওর বিয়ে হয়ে গেছে
আমার প্রেমিকা অন্যের বিবাহিতা স্ত্রী
প্রেমিকা নয় - তখন সে আমার প্রাক্তন প্রেমিকা!

আমি তার কথা রেখেছি
ভালবাসি বলেই হয়ত অবাধ্য হতে পারিনি
জীবনটাকে গুছিয়ে নিয়েছি একাই
হ্যা - আমি ভাল আছি
সেও ভাল আছে - কথা রেখেছে সে
আমার ভালবাসা সার্থক।

ষাট পেরিয়ে গেলাম - তবুও বদলে যাইনি
হয়তো ভালবাসার জোড়েই
এতকাল যে ছবি আকা ছিল হৃদয়পটে
আজ শুধু তা বদলে গেল একটুখানি
কিন্তু জেনে রেখো - আমার ভালবাসা
ঠিক আগের মতই আছে - থাকবেও।

Comments