রিভিউঃ অবিশ্বাস্য- সৈয়দ মুজতবা আলী
আইরিশম্যান ডেভিড ওরেলি পুববঙ্গের নৈসর্গিক শহর মধুগঞ্জে এলেন এএসপি হয়ে। অল্প সময়েই শহরের নেটিভ-সাহেব সবার মন দখল করে নিলেন সদা হাস্যোজ্জ্বল-বকবকানি প্রবণ এই তরুণ। নেটিভদের নৌকা বাইচ থেকে সাহেব-সুবার ক্লাব সর্বত্রই তার গুনমুগ্ধজনের মুখে তার সুনাম। শহরের বেবাক কিশোরি-তরুণির আরাধ্য ওরেলি ইংলান্ড থেকে তার বাগদত্তা মেবল কে বিয়ে করে মধুগঞ্জে ফেরার পরই সবকিছু কেমন বদলে গেল। ও-রেলি দম্পত্তি কেমন যেন সামাজিক সংপর্শ এড়িয়ে চলে। তাদের নিয়ে নানান কানাঘুষা শোনা গেল কিছু। সৃষ্টির শুরু থেকে ভালো-মন্দের, আহুরা মাজদা-আহুরা মনের যে দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বে দ্বিধান্বিত মানব মনের টানাপোড়নের উপাখ্যান সৈয়দ মুজতবা আলীর 'অবিশ্বাস্য' উপন্যাস। নানান জাতি-ধর্ম বিষয়ে সুপণ্ডিত আলী সাহেব তার মানব মনের গহীন অজানা থেকে আবেগ-অনুভূতিকে নিপূনভাবে ছেঁকে তোলার পারদর্শীতায় মানব মনের অন্তর্দ্বন্দ্বকে শব্দে ধরেছেন অসামান্য দক্ষতায়। উপন্যাসের শেষে ওরেলি তার এপিটাফে খোদাই করে দেবার জন্য সহকর্মী সোমকে যে দুটি কবিতা থেকে একটি বেছে নিতে বলেছেন -তার কোনটি বেছে নেবেন সে বিষয়ে পাঠকমাত্রই দ্বিধান্বিত হবেন নিশ্চিত। 'অবিশ্বাস্য' আদতেই অবিশ্বাস্য!

Comments
Post a Comment